ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ রোববার (৭ জুন) ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। মামলাটি বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে এসে ‘ডলার’ নামের এক ব্যক্তিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দেয়।
গত ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন আসামি সোহেল রানা আদালতে দাবি করেন, তিনি ধর্ষণ করেননি, বরং ‘ডলার’ নামের একজন ব্যক্তি ধর্ষণের সঙ্গে জড়িত। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি শুধু লাশ কেটেছি, ধর্ষণ করেছে ডলার।” তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তি শিশুটিকে এনে দিলে তাকে দুই লাখ টাকা দেওয়ার কথা বলেছিল।
তবে মামলার তদন্ত প্রতিবেদন, এজাহার কিংবা ১৬৪ ধারার জবানবন্দির কোথাও ‘ডলার’ নামের কোনো ব্যক্তির উল্লেখ নেই। এ কারণে রাষ্ট্রপক্ষ বিষয়টিকে বিচার প্রক্রিয়া বিভ্রান্ত করার অপচেষ্টা হিসেবে দেখছে।
গত ৪ জুন যুক্তিতর্ক শুনানিতে বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আদালতে বলেন, তদন্তের কোনো পর্যায়েই ‘ডলার’ নাম উঠে আসেনি। বিচার প্রক্রিয়ার শেষ দিকে এসে নতুন নাম উল্লেখ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিচার বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত থেকেও কাউকে না জানিয়ে বরং তাকে পালাতে সহায়তা করেছেন। যদি তিনি নির্দোষ হতেন, তবে ঘটনার পর চিৎকার করে আশপাশের মানুষকে জানাতে পারতেন।
গত ১৯ মে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় মামলাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকের রায়ের দিকে তাকিয়ে রয়েছে নিহত শিশুর পরিবারসহ পুরো দেশ।
