ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল

নিজস্ব প্রতিবেদন
জুন ২০, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ পদ্মা ব্যারাজ প্রকল্পকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থানে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প ২০৩৩ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ নদী ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি আসবে বলে মনে করছেন পানিসম্পদ বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং, তীর সংরক্ষণ বাঁধ এবং আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করা হলে নদীভাঙনের হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিলোমিটার। প্রতিবছর নদীভাঙনের কারণে কয়েকশ হেক্টর কৃষিজমি হারিয়ে যায়। গত দুই দশকে ৮ থেকে ১০ হাজার হেক্টরের বেশি কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রিত প্রবাহ নিশ্চিত করা গেলে আকস্মিক বন্যার ঝুঁকি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ বন্যা ও নদীভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে।

অর্থনীতিবিদরা বলছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। কৃষিপণ্য পরিবহন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্প এলাকায় ১ হাজারের বেশি ক্ষুদ্র ও মাঝারি কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, কৃষিভিত্তিক শিল্পে প্রতি ১ কোটি টাকা বিনিয়োগে গড়ে ২০ থেকে ৩০ জন কর্মসংস্থান সৃষ্টি হয়। সে হিসেবে প্রকল্প এলাকায় দীর্ঘমেয়াদে ১ থেকে ২ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কৃষকের আয় গড়ে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়বে এবং ৩০ থেকে ৪০ লাখ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে অর্থনৈতিক সুবিধা পাবে। এতে দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

এছাড়া কৃষি, শিল্প, পরিবহন, বিপণন ও সেবা খাতে সম্মিলিতভাবে লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ফলে পদ্মা ব্যারাজ প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।