ডেস্ক রিপোর্ট ॥ সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন।
প্রথম দিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। পরীক্ষার জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
নকল প্রতিরোধ ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং শিক্ষা মন্ত্রণালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল চালু করা হয়েছে। এই মনিটরিং সেল থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫ এবং মোবাইল নম্বর ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ই-মেইল controller@dhakaeducationboard.gov.bd-এও যোগাযোগ করা যাবে।
