ডেস্ক রিপোর্ট ॥ ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেছেন। সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
আগামী ৪ জুলাই তেহরান ও কোমে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, খামেনির জন্মস্থানে, তাকে দাফন করা হবে। বার্তা সংস্থা মেহর নিউজের প্রকাশিত তথ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
