ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত হবে বরিশালসহ আরও দশ জেলা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৯, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে আধুনিক ও সমন্বিত রেলব্যবস্থা গড়ে তুলতে নতুন রেললাইন নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন, কমিউটার ট্রেন সম্প্রসারণ এবং প্রয়োজনীয় ট্রেন ও লোকোমোটিভ সংগ্রহের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে রেলবঞ্চিত ১০টি জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বরিশাল বিভাগ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগের বাইরে রয়েছে। বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে রেল সংযোগ স্থাপিত হলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগে নতুন গতি আসবে। একইভাবে মেহেরপুর, মাগুরা ও সাতক্ষীরায় রেললাইন নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, শিল্প ও অর্থনীতি আরও শক্তিশালী হবে। লক্ষ্মীপুর ও শেরপুরেও রেল সংযোগ স্থাপনের মাধ্যমে নতুন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন ৪০০-এর বেশি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করে। বছরে প্রায় ৯ থেকে ১০ কোটি যাত্রী রেলপথে ভ্রমণ করেন এবং ৮০ থেকে ৯০ লাখ টন পণ্য পরিবহন করা হয়। নতুন রেললাইন নির্মাণের মাধ্যমে এই সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ, ধীরাশ্রমে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো, টঙ্গী-আখাউড়া ও লাকসাম-সিলেট রুটে দ্বৈতগেজ দ্বৈত লাইন নির্মাণ এবং ঢাকা-কুমিল্লা কর্ড লাইন প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। ঢাকা-কুমিল্লা কর্ড লাইন বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যে রেলপথের দূরত্ব প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার কমে আসবে। একই সঙ্গে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকার শুধু নতুন রেললাইন নির্মাণেই সীমাবদ্ধ নয়; কার্যকর ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অতীতে অনেক রেললাইন নির্মিত হলেও পর্যাপ্ত লোকোমোটিভ ও কোচের অভাবে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয়নি। এবার রেললাইন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় ট্রেন, কোচ ও লোকোমোটিভ সংগ্রহের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানী ও আশপাশের জেলায় কমিউটার ট্রেন সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ স্টেশনের আধুনিকায়ন, রেল লেভেল ক্রসিং উন্নয়ন, নতুন আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং দীর্ঘমেয়াদে পুরো রেল নেটওয়ার্ককে ব্রডগেজে রূপান্তরের পরিকল্পনাও সরকারের রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের যোগাযোগব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।