ডেস্ক রিপোর্ট ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর প্রায় ৬২ দশমিক ২৫ শতাংশ পাস করেছেন। গত বছরের পাসের হারের তুলনায় এবার প্রায় দুই শতাংশ বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবারের ফল প্রকাশের মধ্য দিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকের অপেক্ষার অবসান হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দেন।
সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছিল। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ, ২০২৩ সালে ৮০ দশমিক ৩৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত পরীক্ষায় সর্বোচ্চ ৯৩ দশমিক ৬ শতাংশ পাস করেন। ২০১৮ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৮ শতাংশ। ২০১০ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৯১ শতাংশ এবং ২০০৯ সালে ৬৭ দশমিক ৪১ শতাংশ।
আওয়ামী লীগ সরকারের সময়ে ফল ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটেনি। লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম অনুযায়ী গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। পরীক্ষার্থীরা এসএমএস ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল জানতে পারবেন।
