ডেস্ক রিপোর্ট ॥ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগের দিন দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিদায়ের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মির্জা ফখরুল।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান লিখে সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান। নিজেকে ‘আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ হিসেবে পরিচয় দিয়ে প্রিয় নেতৃবৃন্দের কাছ থেকে সর্বশেষ বিদায়ের সময় এসে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন তাঁর এমন বার্তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে। একই দিন সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থিত হন মির্জা ফখরুল। পরে বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে ফুঁপিয়ে কাঁদেন এবং নেতাকর্মীদের কাছে দোয়া চান। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত ওই সভায় মির্জা ফখরুলের আবেগ দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। দীর্ঘদিনের সংগ্রামী মহাসচিবের বিদায়ে আনন্দ ও বেদনার অনুভূতি তৈরি হয় বলেও তিনি জানান।
বিএনপিতে যোগদানের পর সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি স্মরণ করেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনে কোনো ভুলভ্রান্তি বা অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। দলীয় মর্যাদা ও আস্থা রক্ষার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রাথমিক হিসাবে মির্জা ফখরুলের পক্ষে ২৪৭ জন এবং অলি আহমদের পক্ষে ৯০ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে। ফলে ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে।
গত ১৩ আগস্ট বিএনপি তাঁকে রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়। এক দশকেরও বেশি সময় মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর এই নির্বাচনের মাধ্যমে তাঁর দীর্ঘ দলীয় অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
