ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোটে ফিরছে গণতন্ত্রের নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগের দিন বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ও সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্য হিসেবে এটিই ছিল তাঁর শেষ বক্তব্য। বক্তব্য দিতে গিয়ে কয়েক মিনিটের মধ্যে চার-পাঁচবার কেঁদে ফেলেন তিনি। এতে সভায় আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি সভায় স্বাগত বক্তব্য দেন এবং সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। একই সঙ্গে মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপিতে যোগদানের পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দীর্ঘ দায়িত্ব পালনের স্মৃতি তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমা চান। দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের অভাব অনুভব করবেন উল্লেখ করে সবার কাছে দোয়া চান।

আজ বৃহস্পতিবার সংসদকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার শুধু সংসদ সদস্যরা। বর্তমান সংসদের সদস্য ৩৪৯ জন। এর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে এবং একটি আসনের গেজেট প্রকাশিত হয়নি। ভোটের জন্য ৩৪৯টি ব্যালট ও তিনটি ব্যালট বাক্স রাখা হবে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্য সংসদ সদস্যরাও ভোট দেবেন। তবে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দিতে পারবেন না।

১৯৯১ সালের ৮ অক্টোবরের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপির মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির ২১০ আসনের বিপরীতে জামায়াতের ৬৮ এবং তাদের নেতৃত্বাধীন জোটের ৭৭টি আসন রয়েছে। সংরক্ষিত নারী আসনেও বিএনপি ও মিত্ররা এগিয়ে থাকায় মির্জা ফখরুলের জয়কে প্রায় নিশ্চিত মনে করা হচ্ছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সীমিত হলেও প্রস্তুতিতে ঘাটতি নেই। ভোটগ্রহণ, ভোট গণনা এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে। তবে কোন সংসদ সদস্য কাকে ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হবে না। ভোট গণনা শেষে সংসদকক্ষেই ফল ঘোষণা করবেন সিইসি এবং একই দিন গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।