ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার লটারিতে নির্ধারিত ৬৪ জেলার নির্বাচনকালীন এসপি

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৫, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্ধারণ করেছে সরকার। এবারের বিশেষত্ব—লটারির মাধ্যমে প্রথমবারের মতো এসপি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা কার্যালয়, পুলিশ সদর দপ্তর এবং ডিএমপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই লটারির পদ্ধতি চালু করা হয়েছে। এর আগে একাধিক ধাপে যাচাই-বাছাই সম্পন্ন হয়। অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে পুলিশ ক্যাডারের ২৫তম থেকে ২৭তম ব্যাচের অফিসারদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। এরপর এই তালিকা থেকে ৬৪ জনকে ম্যানুয়াল লটারির মাধ্যমে বাছাই করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান ১৫ জন জেলা এসপিকে সরিয়ে নতুন ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে এবং বাকি ৪৯ জন কর্মকর্তাকে অন্য জেলায় বদলি করা হবে। এতে করে পুরো ৬৪ জেলায় নতুনভাবে দায়িত্ব বণ্টন সম্পন্ন করা সম্ভব হয়েছে। দু–এক দিনের মধ্যেই এসপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত শনিবার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম।

নির্বাচনী পরিবেশ বিবেচনায় ৬৪ জেলা তিন ভাগে—এ, বি ও সি—শ্রেণিতে ভাগ করা হয়। ২৭টি জেলা ‘এ’, ২৮টি জেলা ‘বি’ ও বাকিগুলো ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়। প্রতিটি শ্রেণির জন্য আলাদা লটারিতে এসপি নির্ধারণ করা হয়। নির্বাচনে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কর্মকর্তাই মূল দায়িত্ব পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।