ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ঘোষণায় জানানো হয়, দেশের সব মসজিদে একই সময়ে দোয়া অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে নিজস্ব ধর্মীয় আচার অনুসারে প্রার্থনার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও দেশের সাধারণ মানুষকে ঘরে বসেও খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
এরই মধ্যে বুধবার ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম। ড. রিচার্ড বিউলির নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়ে খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা মূল্যায়ন করেন। তাদের সঙ্গে হাসপাতালের স্থানীয় মেডিকেল বোর্ডের সদস্যরাও পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
একই দিন সন্ধ্যায় বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। হৃদ্রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন সমস্যা গুরুতর আকার ধারণ করলে গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
