ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আসন্ন বৈঠককে ঘিরে দেশের রাজনীতিতে গুরুত্ব বাড়ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিএনপি সূত্র।
এর আগের দিন বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বৈঠক ছিল রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ।
বৈঠকে অংশ নেওয়া জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে নিজেদের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতে বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের প্রশ্নে তারা সবসময় ঐক্যবদ্ধ ছিলেন। এর ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে জোটের কয়েকজন নেতাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানান তারা।
জোট নেতারা আরও বলেন, যেসব নেতাকে এবার মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তারা এতে অসন্তুষ্ট নন। তবে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তাদের রাজনৈতিক অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করেন তারা।
তারেক রহমান এ সময় বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি সরকার গঠন করলে যোগ্যতা ও অবদানের ভিত্তিতে জোট শরিকদের মূল্যায়ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোট নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক এবং প্রধান উপদেষ্টার সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
