আন্তর্জাতিক ডেস্ক ॥ দ্বিপক্ষীয় কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করেছে বাংলাদেশ হাই কমিশন। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই এই অগ্রগতি ঘটে। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালু করা হয়। এর আগে বৃহস্পতিবার ভারত জানায়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবরের পর ঢাকায় পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এর পর ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ দিল্লি ও আগরতলা মিশনের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে।
এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ ফেব্রুয়ারি বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং পরে ফোনে কথা বলেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদী উপস্থিত থাকতে না পারলেও ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস আগেই জানিয়েছিলেন, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে। তার ঘোষণার একদিন পরই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু হলো।
