ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি সরকার নির্বাচনের প্রতিশ্রতি অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জানান, ঈদুল ফিতরের আগে প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু করা হবে।
তবে কত টাকা ভাতা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। বিষয়টি চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। পর্যায়ক্রমে সারা দেশে এই ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপ ধর্মগুরুদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধি করবে।
এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, শনিবার তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে তৃতীয় কর্মদিবস পালন করেছেন। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং গ্রহণ করেন এবং পুরাতন কর্মচারীদের সঙ্গে আন্তরিক আলাপ করেন। এছাড়া মন্ত্রীরা পলিসি ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন।
প্রশাসনিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পদক্ষেপ নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সরকারের সুসম্পর্ক বজায় রাখার একটি উদ্যোগ।
