ডেস্ক রিপোর্ট ॥ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশার মাঝেই স্পষ্ট বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল কার্যকর করবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মাত্র। বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। নির্বাচিত সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে অথবা বাতিলও করতে পারে।
উপদেষ্টা আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি নির্বাচিত সরকারের জন্য অতিরিক্ত চাপের কারণ না হয়। বেতন বাড়ানো নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছিল, তা বিবেচনায় রেখেই অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছে।
তিনি জানান, সরকার হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ রেখেছে।
সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভবিষ্যতে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন রমজান মাসকে সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। র্যাবের জন্য ১০০টি জিপ গাড়ি এবং কৃষি খাতে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
