হিজলা প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষক ফোরামের এক নেতাকে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পদচ্যুত করা হয়েছে বরিশালের হিজলা উপজেলায়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে খুন্না বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
পদচ্যুত নেতার নাম মাওলানা মো. মোজাম্মেল হক। তিনি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, মাওলানা মোজাম্মেল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে আগে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং কারণ দর্শাতে বলা হলেও তিনি সংগঠনের নির্দেশনা অনুযায়ী যথাযথ জবাব দেননি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সংগঠনের ভাবমূর্তি ও আদর্শ রক্ষার স্বার্থে তাঁকে সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট নেতার হাতে অব্যাহতি পত্র তুলে দেওয়া হয়। পত্রে স্বাক্ষর করেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী। অব্যাহতি আদেশ ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, সংগঠনের ভেতরে শৃঙ্খলা, আদর্শ ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
নেতৃবৃন্দ আরও জানান, সংগঠনের আদর্শবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
