নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রার্থী অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে তিনি সাংবাদিকদের জানান, ভোট সুষ্ঠুভাবে চলছে। তবে কিছু কেন্দ্রের সার্ভার ধীরগতির কারণে ভোটগ্রহণে সামান্য বিলম্ব হচ্ছে।
সরোয়ার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, তাই ফলাফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হবে না। তার মতে, ভোটারদের অংশগ্রহণই গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল শক্তি।
রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলা জুড়ে মোট ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ। দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম, তবে কেন্দ্রে কোনো বড় সমস্যা দেখা যায়নি।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় দুই-একটি ছোট সমস্যা দেখা দিলেও তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে। ভোটাররা উৎসাহিত ও সচেতনভাবে ভোট দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
