ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার দুই সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ফলাফল ঘোষণা করেন। দুই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ৮২৮ জন এবং প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী।
ঝালকাঠি-১ আসনে বিএনপির রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর ফয়জুল হক পান ৫৫ হাজার ১২০ ভোট। এ আসনে পুরুষ ভোটার ১,১৬,৪৭৮ জন, নারী ১,১২,০০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি, স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী, স্বতন্ত্র মো. সাব্বির আহমেদ, জনতার দলের জসীম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান, জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার, জেএসডির সোহরাব হোসেন এবং গণঅধিকার পরিষদের শাহাদৎ হোসেন।
ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের শেখ নেয়ামুল করিম পান ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৩৯৭ জন; পুরুষ ১,৮৫,৪৫১ জন, নারী ১,৭৯,৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম, গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর, স্বতন্ত্র নূরুদ্দীন সরদার, এনপিপির ফোরকান হোসেন এবং জেএসডির মাসুদ পারভেজ।
দুই আসনেই বিএনপির জয়কে জেলার রাজনীতিতে দলটির শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
