ডেস্ক রিপোর্ট ॥ নতুন সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন বলে প্রেস উইং জানিয়েছে।
বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে কর্মরতদের সঙ্গে কুশল বিনিময় এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি।
২০২৪ সালের ৮ আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। নির্বাচনকালীন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং জাতীয় নির্বাচন সম্পন্ন করার মধ্য দিয়ে সরকারের মেয়াদ পূর্ণ হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আগামী মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই শপথের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব শেষ হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন আয়োজন শেষে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
