ডেস্ক রিপোর্ট ॥ নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে আসতে দেখা যায়। এ সময় সংসদ ভবনের সামনে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার পরিচালনায় সম্পন্ন হয়।
শপথ গ্রহণের পাশাপাশি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন কি না—তা নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ ধরনের কোনো শপথ গ্রহণ করবেন না। তিনি সংবিধানের রেফারেন্স টেনে বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াই সাংবিধানিকভাবে নির্ধারিত এবং দল সেই অবস্থানেই অটল থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতে সংবিধান সংস্কার প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। তবে শপথ গ্রহণ সম্পন্ন হওয়ায় নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার পথ আরও সুগম হলো।
