ডেস্ক রিপোর্ট ॥ জ্বালানি সাশ্রয় এবং সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবন, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই দিবসের কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে বলে জানান তিনি। এসব কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জনসাধারণের চলাচলে কোনো সমস্যা না হয়—সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদুল ফিতরকে সামনে রেখে সম্ভাব্য ভোগান্তি এড়াতে সরকার বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং শিল্পাঞ্চল তদারকির জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে। তিনি বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংগঠন এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।
মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব অপরাধকে মব সহিংসতার সঙ্গে এক করে দেখা উচিত নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সরকার বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
