নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (বিডি-১৩৪)-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বরিশালের নতুন বাজারস্থ সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মিশুক, বেবীটেক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এস.এম. মিজানুর রহমান অহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ তৈয়বুর রহমান। তিনি ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন দেওয়ান (দেওয়ান ইলেকট্রিক) এবং বিশেষ অতিথি হিসেবে জাবেদ আহম্মেদ (জেমিনি ইলেকট্রিজ)সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানের শেষে সকল অতিথি ও উপস্থিত ব্যবসায়ীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
