আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সোমবার (৯ মার্চ) পর্যন্ত টানা দশম দিনে গড়ানো এই সংঘাতে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। এছাড়া শত শত মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
এই পরিস্থিতিতে পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাতারকে লক্ষ্য করে ইরান কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দোহার আকাশে অন্তত ১২টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিকরা।
এদিকে বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হামলার পর উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন হামলা চালায়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো ভূপাতিত করে। তেলক্ষেত্রটি তখন খালি থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
একই সঙ্গে রাজধানী রিয়াদের উত্তরে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরব হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়া হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, একটি প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও তার ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
