ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৯, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি জানান, চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তির দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। একই সঙ্গে প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান আইজিপি। এতে সাধারণ মানুষ সহজে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাওয়া সম্ভব হবে।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সংযত থাকার নির্দেশ দিয়ে আলী হোসেন ফকির বলেন, কোনো সদস্য অতিউৎসাহী আচরণ করবেন না। পাশাপাশি জনগণকেও আইন মেনে চলার আহ্বান জানান তিনি। নিষিদ্ধ কোনো সংগঠন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য কিছু সদস্য দায়ী বলে মন্তব্য করে আইজিপি বলেন, পদোন্নতি ও পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না। তিনি বলেন, পুলিশ বাহিনীতে সৎ ও দক্ষ সদস্যদের গুরুত্ব দেওয়া হবে। “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”—এই মন্তব্যের মাধ্যমে তিনি বাহিনীতে শৃঙ্খলা ও সততার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া দ্রুত বিচারিক সহায়তা নিশ্চিত করতে প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন আইজিপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।