নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ ৩০ বছর ধরে বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ময়লা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। অবশেষে এ ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসন।
শুক্রবার পুরানপাড়া এলাকার ময়লার ভাগাড় পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। পরিদর্শন শেষে তিনি বলেন, প্রায় তিন দশক ধরে নগরীর সব ধরনের বর্জ্য এখানে ফেলা হচ্ছে, যার মধ্যে হাসপাতালের বর্জ্যও রয়েছে। ফলে পরিবেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
তিনি জানান, সিটি কর্পোরেশনের মাসিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নগরীর বাইরে জায়গা কিনে নতুনভাবে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হবে। এতে পুরানপাড়া এলাকার পরিবেশগত ঝুঁকি কমবে এবং বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাবেন।
প্রশাসক আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষা মৌসুমে পানি জমে ময়লা পচে দুর্গন্ধ ছড়ায়। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। দায়িত্ব গ্রহণের পর দ্রুত সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে প্রশাসন কাজ শুরু করবে বলে তিনি জানান।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ দুর্ভোগের কথা জানালেও পূর্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন প্রশাসনের উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
