ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং সংস্কৃতি, ইতিহাস ও অর্থনীতির গভীর বন্ধনে আবদ্ধ। তিনি জানান, দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে এনার্জি খাত, যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এসব খাতে সহযোগিতা বাড়ালে উভয় দেশই লাভবান হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও জানান, যেসব প্রকল্পে দুই দেশের জনগণের সরাসরি উপকার হবে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য আলোচনা চলছে। একই সঙ্গে তিনি সংসদীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিরাও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে মত দেন। উভয় পক্ষই ভবিষ্যতে সংসদীয় কূটনীতি আরও জোরদার করার বিষয়ে একমত হন।
