ডেস্ক রিপোর্ট ॥ প্রায় দেড় দশক পর আবারও শুরু হয়েছে দেশের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে একযোগে শুরু হয় ২০২৫ সালের স্থগিত হওয়া এই মূল্যায়ন কার্যক্রম। পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে নির্ধারিত সূচি প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
পার্বত্য অঞ্চলের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সূচি অনুসরণ করা হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে।
২০০৮ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর পৃথক বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। যদিও ২০২২ সালে পরীক্ষামূলকভাবে আয়োজন করা হয়েছিল, তবে তা নিয়মিত ধারায় ফিরে আসেনি।
