ডেস্ক রিপোর্ট ॥ সংবিধান সংশোধন সময়ের দাবি উল্লেখ করে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এ প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, সংবিধান সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে মতবিরোধ থাকলেও তা সংশোধনের পদ্ধতি নির্ধারণ নিয়েই সীমাবদ্ধ। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চিফ হুইপ বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এতে প্রমাণ হয়েছে, রাষ্ট্র পরিচালনায় কেউই দায়মুক্ত নন।
কর্মসংস্থান ইস্যুতে তিনি বলেন, সরকার বিকল্প আন্তর্জাতিক শ্রমবাজার খুঁজে বের করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পেশাদারিত্ব ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।
গণমাধ্যমের উদ্দেশ্যে নুরুল ইসলাম মনি বলেন, ইতিবাচক অগ্রগতি ও চ্যালেঞ্জ—দুই দিকের সংবাদই জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর প্রচারিত হলেও তেলবাহী জাহাজ আগমনের বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পায়নি।
তিনি আশা প্রকাশ করেন, মতানৈক্য থাকা সত্ত্বেও সংবিধান সংশোধনে রাজনৈতিক ঐকমত্য শিগগিরই প্রতিষ্ঠিত হবে।
