ডেস্ক রিপোর্ট ॥ বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এই তালিকায় তার উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন নির্বাসনে থাকার পর তিনি দেশে ফিরে দ্রুত রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠেন এবং জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এতে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
তার রাজনৈতিক যাত্রাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি দেশের সতেরো কোটি মানুষের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
তালিকায় আরও রয়েছেন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তিত্ব। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।
বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং বেকারত্ব পরিস্থিতি নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আঞ্চলিক সম্পর্ক উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক বিতর্ক থাকলেও তিনি এখন জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক পুনর্গঠনের ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে সামনে রয়েছে কঠিন দায়িত্ব ও বড় প্রত্যাশার চাপ।
