ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২২, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনিক সংস্কার নিয়ে এক বিস্তৃত কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সরকারপ্রধান জানান, নগর এলাকায় অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন জনগণের সেবায় ব্যবহার করা হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে এসব ভবন দ্রুত হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যখাতের আরেক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তিনি বলেন, ইউনিসেফের সহযোগিতায় হামের টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। প্রায় দুই কোটি শিশুকে দ্রুত টিকার আওতায় এনে স্বাস্থ্যঝুঁকি কমানোর পরিকল্পনা রয়েছে।

কৃষিখাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে ২ কোটি ৭৫ লাখ কৃষকের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি, পরামর্শ ও সহায়তাসহ ১০টি জরুরি সেবা সহজেই পাবেন। পাশাপাশি পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আধুনিক সেচব্যবস্থা, ন্যানো সার ব্যবহার ও কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল সুবিধা কমানোর সিদ্ধান্তকে তিনি সুশাসনের অংশ হিসেবে উল্লেখ করেন। ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের কল্যাণে চলতি অর্থবছরে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি সতর্ক করে বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট সিন্ডিকেট ও ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।