ডেস্ক রিপোর্ট ॥ দেশব্যাপী প্রশাসনিক কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে ৩ মে থেকে, যা চলবে ৬ মে পর্যন্ত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনকে বর্তমান সরকারের প্রশাসনিক কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলনে দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা দিয়েছেন। সেখান থেকে নির্বাচিত ৪৯৮টি প্রস্তাব নিয়ে সরকারের নীতিনির্ধারকেরা ৩৪টি অধিবেশনে আলোচনা করবেন এবং বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণের দিকনির্দেশনা দেবেন।
নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর জেলা প্রশাসকরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন, যা মাঠ প্রশাসনের বাস্তব সমস্যা তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও আইন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। দিনশেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিষয় আলোচনার পাশাপাশি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন জেলা প্রশাসকরা।
তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ডিসিরা। শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
