ডেস্ক রিপোর্ট ॥ দেশ পরিচালনায় সমন্বিত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সামরিক বাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সামরিক বাহিনীকে আরও জনমুখী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। এজন্য সামরিক বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন জেলা প্রশাসকরা। একই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ মে শুরু হওয়া চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ করছেন।
ডিসিদের পক্ষ থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং ই-গভর্ন্যান্স বাস্তবায়নকে এবারের সম্মেলনের মূল অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সম্মেলনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক দক্ষতা বাড়ানো ও নীতি বাস্তবায়ন ত্বরান্বিত করতেই এই আয়োজন।
