ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছেন Tarique Rahman। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এ কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও স্টেট ইউনিভার্সিটির উপাচার্যসহ দেশের শীর্ষ শিক্ষাবিদরা অংশ নেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার এমন একটি আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন করছে যেখানে প্রতিটি শিক্ষার্থী শুধু পাঠ্যজ্ঞান নয়, বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা অর্জন করবে। তিনি জানান, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে এবং উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে বিশেষ ‘ইনোভেশন গ্র্যান্ট’ দেওয়া হবে, যা নতুন উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করবে। তার মতে, দেশের উন্নয়ন টেকসই করতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকেও গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় উপস্থিত শিক্ষাবিদরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্চশিক্ষার রূপান্তর প্রক্রিয়াকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
