ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশের কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্যও এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, বাহিনীর কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত হন এবং তদন্তে তা প্রমাণিত হয়, তবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় প্রায় ১৭ বছর পুলিশ বাহিনীকে বিতর্কিতভাবে ব্যবহার করা হয়েছিল, যার ফলে জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ সফলভাবে এগিয়ে যাচ্ছে।
আইজিপি জানান, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে বাহিনীতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য বাহিনীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সফল অভিযান পরিচালনাকারী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
