ডেস্ক রিপোর্ট ॥ দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে সামনে রেখে পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে কমিশনের প্রধান অগ্রাধিকার স্থানীয় সরকার নির্বাচন। তবে চূড়ান্ত সময়সূচি ঘোষণার আগে আইন ও বিধিমালা সংশোধন, বাজেট অনুমোদন এবং প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিদ্যমান আইন-কানুন ও নীতিমালা পর্যালোচনা চলছে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা প্রশাসক সম্মেলনে জানিয়েছেন, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন সম্পন্ন করা। সংসদ অধিবেশনেও তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় এসব নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় প্রয়োজন হয়।
নির্বাচন কমিশনার জানান, কোন ধাপে নির্বাচন শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি। কমিশন সব দিক বিশ্লেষণ করে সময়সূচি ঘোষণা করবে। জুনের জাতীয় বাজেট, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতিও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতো একই মানদণ্ডে অনুষ্ঠিত হবে। কোনো রাজনৈতিক প্রতীক বা দলীয় পরিচয় থাকবে না এবং সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনে যে ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছে, তা ধরে রাখতে কমিশন কাজ করছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন—সব পক্ষই ভালো নির্বাচন চায় এবং জনগণের আস্থা বজায় রাখতে সব ধরনের পদ্ধতি প্রয়োগ করা হবে।
সূত্র: বাসস
