ডেস্ক রিপোর্ট ॥ ০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ। প্রাথমিক খসড়া অনুযায়ী, পরীক্ষা চলবে জানুয়ারি মাসজুড়ে এবং শেষ হবে ৭ ফেব্রুয়ারির মধ্যে।
বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এই সময়সূচি নিয়ে আলোচনা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। দুই পক্ষের অবস্থান সমন্বয় করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পুরো জানুয়ারি মাসজুড়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। লক্ষ্য হলো সম্ভাব্য রোজা শুরুর আগেই সব পরীক্ষা সম্পন্ন করা।
শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করছে, যাতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা যায়। পাশাপাশি ২০২৭ সালে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৮–৯ ফেব্রুয়ারির মধ্যে রোজার ছুটি শুরু হতে পারে। তাই সময়ের আগেই পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা এবং শিক্ষার্থীদের দাবি—দুটো দিকই বিবেচনায় নিয়ে এই খসড়া সময়সূচি তৈরি করা হয়েছে, যাতে কোনো পক্ষের আপত্তি না থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনার চাপও নিয়ন্ত্রণে থাকে।
