ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

চীন ইরানকে অস্ত্র দেবে না, দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদন
মে ১৫, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ বেইজিং সফরের প্রথম দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতার দাবি করেছেন। তিনি জানান, চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবে না বলে আশ্বাস দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের চলমান পরিস্থিতিতে চীনের এই অবস্থান বড় কূটনৈতিক সাফল্য। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সাম্প্রতিক সময়ে চীন গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিতে পারে—এমন গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা ছিল সফরের প্রধান এজেন্ডা।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে দাবি করেছিল, তৃতীয় দেশের মাধ্যমে চীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা করছে। তবে বৈঠকে শি জিনপিং এ অভিযোগ অস্বীকার করেন বলে ট্রাম্প জানান।

চীন ইরানের তেল কেনা অব্যাহত রাখবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা তিনি গ্রহণযোগ্য বলেই উল্লেখ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে চীনের সহযোগিতার প্রস্তাব বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ তেলপথ বন্ধ করে দেয়।

অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। চীন ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং মার্কিন কৃষিপণ্য—বিশেষ করে সয়াবিন ও পোল্ট্রি—আমদানিতে সম্মত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের ভিসা নীতিতে কিছুটা শিথিলতার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তবে সম্পর্কের উষ্ণতার আড়ালে তাইওয়ান প্রশ্নে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন শি জিনপিং। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যুতে ভুল সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিন গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত রাজকীয় ভোজসভায় ইলন মাস্ক ও টিম কুকসহ শীর্ষ মার্কিন ব্যবসায়ীরা অংশ নেন। তবে বিনিয়োগকারীদের বড় চুক্তির প্রত্যাশা পূরণ না হওয়ায় বোয়িংয়ের শেয়ার কিছুটা নিম্নমুখী হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।