আন্তর্জাতিক ডেস্ক ॥ ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠন DAWN (Democracy for the Arab World Now)। সংগঠনটির নির্বাহী পরিচালক ওমর শাকির এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের যুদ্ধংদেহী আচরণে যুক্তরাষ্ট্রের মৌখিক অসন্তোষ মাঠপর্যায়ে কোনো পরিবর্তন আনবে না।
তিনি বলেন, হোয়াইট হাউস যতক্ষণ না পর্যন্ত তেল আবিবের ওপর তাদের মূল প্রভাবশালী ক্ষমতা ব্যবহার করছে, ততক্ষণ পর্যন্ত এমন বিবৃতি কার্যকর হবে না।
সংগঠনটি ওয়াশিংটনকে অনতিবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা সম্পূর্ণভাবে স্থগিত করার দাবি জানানো হয়েছে।
তাদের মতে, ইসরায়েলের চলমান আগ্রাসন থামাতে হলে যুক্তরাষ্ট্রকে তার কৌশলগত প্রভাব ব্যবহার করতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত ও ভয়াবহ রূপ নিতে পারে।
সংগঠনটি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরো অঞ্চল বড় ধরনের যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। সূত্র: মিডল ইস্ট আই।
