আন্তর্জাতিক ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ কারিগরি বৈঠকে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচল এবং পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে সমঝোতা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তুলনামূলক সতর্ক অবস্থান তুলে ধরে বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার ভাষায়, বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে।
ভ্যান্স আরও সতর্ক করে বলেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি চালু করে অথবা আন্তর্জাতিক পরিদর্শকদের কাজে বাধা দেয়, তাহলে ওয়াশিংটনের সামনে সব ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।
অন্যদিকে ইরান বৈঠকে লেবাননে ইসরায়েলের হামলা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের কড়া সমালোচনা করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে তেহরান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানিয়েছেন, সমঝোতা স্মারক কার্যকর রাখতে দ্রুত যোগাযোগের জন্য বিশেষ একটি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
