ডেস্ক রিপোর্ট ॥ দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি ঘিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ফলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলির সাক্ষী ছিলেন। তার মেয়াদকালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর বিরল নজিরও স্থাপন করেন তিনি।
