ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, লন্ডনযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থার খোঁজখবর নিচ্ছেন। মেডিক্যাল বোর্ডের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স পাঠানোর কথা ছিল, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তা আসেনি। জাহিদ হোসেন বলেন, “এয়ার অ্যাম্বুল্যান্স আসলেও তখন বেগম জিয়া ফ্লাই করার মতো অবস্থায় ছিলেন না। মেডিক্যাল বোর্ড আমাদের সে সময় জানায় তাঁর শরীর সেই ঝুঁকি নিতে পারবে না।”
তিনি আরও বলেন, বর্তমানে যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন—যেকোনো সময় মেডিক্যাল বোর্ডের অনুমতি মিললেই তাঁকে বিদেশে নেওয়া সম্ভব হবে।
দেশজুড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ানোর প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভুয়া খবর ছড়ানো হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর। জনগণকে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি।”
