নিজস্ব প্রতিবেদক ॥ প্রবাসীদের ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, লাইভ ভেরিফিকেশন ছাড়া কেউ ভোট দিতে পারবেন না এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে ১১৯টি প্রতীক থাকবে। এ কারণে ভোট গণনার সময় কিছুটা বেশি লাগতে পারে। ভোটকেন্দ্রে কেবল প্রিজাইডিং অফিসার কলম বহন করতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেনসিল ব্যবহার করতে হবে।
তিনি বলেন, প্রতিটি আসনে ভোট চলাকালীন ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম বা অর্থ লেনদেন ঠেকাতে নির্বাচন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। ভোট কেনাবেচা রোধে ধারাবাহিক বৈঠক করা হয়েছে এবং একটি নির্দিষ্ট আর্থিক সীমা নির্ধারণ করা হবে।
নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করা যাবে না। একই সঙ্গে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে দ্রুত ও সঠিক তথ্য প্রচারের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা কমিশনের অগ্রাধিকার। ভোটে স্বচ্ছতা বাড়াতে সব জেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, কমিশন সততা ও নিরপেক্ষতার বিষয়ে কোনো আপস করবে না। বড় কিংবা ছোট দল—সবাই আইনের চোখে সমান। কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর শাস্তি পেতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
