ডেস্ক রিপোর্ট ॥ ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এই সিদ্ধান্ত নেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮)।
হলফনামা অনুযায়ী, তার পুত্র মো. নাহিদ হাসান সবুজ (২৪) ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবু জাফর দলিলে উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য হয়ে আলাদাভাবে বসবাস করছেন এবং নিজের খেয়ালখুশিমতো চলাফেরা করছেন।
গত ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও সবুজ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।
হলফনামায় উল্লেখ করা হয়, সবুজের আয়-ব্যয়, দায়-দেনা কিংবা ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো কর্মকাণ্ডের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে রক্ত সম্পর্কীয় ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলেও দলিলে স্পষ্ট করা হয়েছে।
পিতা আবু জাফর বলেন, “আমি চাই না আমার সন্তান দেশের আইনবিরোধী কাজে জড়াক। বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কথা শোনেনি। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে হলফনামা সম্পন্ন করা হয়। এ বিষয়ে নাহিদ হাসান সবুজের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
