নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত ৪৪তম বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নন্দন সাংস্কৃতিক সংগঠন গীতি আলেখ্য “ফিরাইয়া দাও বাংলা আমার” পরিবেশন করেছে।
অনুষ্ঠানে নন্দনের শিল্পীরা গানের সঙ্গে আবৃত্তির সমন্বয়ে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরেন। তাদের পরিবেশনায় বাংলার লোকজ জীবন, কৃষিভিত্তিক সমাজ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে।
দর্শকরা পুরো পরিবেশনা মনোযোগ সহকারে উপভোগ করেন এবং বারবার করতালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন। গীতি আলেখ্যটির মাধ্যমে বাংলার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও শেকড়ের টান নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ যে বাঙালির প্রাণের উৎসব, সেই বার্তাও তুলে ধরা হয়। নন্দনের এ নান্দনিক ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।
