উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও অবৈধ দালালি বন্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালের আশপাশে অবস্থান নিয়ে রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন পরীক্ষা, চিকিৎসা ও সেবা নেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল। সাধারণ রোগীদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রীনা খানম ও তাসলিমা আক্তারকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নাসরিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আনিস জানান, দালালদের কারণে রোগীরা প্রায়ই ভুল তথ্যের শিকার হন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হন। প্রশাসনের এই পদক্ষেপ রোগীদের স্বস্তি দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, সরকারি হাসপাতালের পরিবেশ স্বচ্ছ রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দালালদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে দালালমুক্ত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ চলমান থাকবে।
