হিজলা প্রতিনিধি ॥ হিজলা উপজেলার একমাত্র সরকারি স্পিডবোট বছরের পর বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকলেও এর পেছনে জনবল নিয়োগ বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বোটটির রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
জানা গেছে, নদীবেষ্টিত হিজলা উপজেলায় প্রশাসনিক কাজের জন্য বরাদ্দ দেওয়া স্পিডবোটটি দীর্ঘদিন ধরে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে। বোটটি অচল হয়ে থাকলেও এর পেছনে জ্বালানি বা রক্ষণাবেক্ষণ খাতে কোনো ব্যয় দেখানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তাদের মতে, প্রশাসনিক নজরদারি ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় স্পিডবোটটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে পড়ে থেকে সরকারি সম্পদটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।
বর্তমানে উপজেলা প্রশাসন জরুরি প্রয়োজনে মৎস্য বিভাগের নৌযানের ওপর নির্ভরশীল। এতে অনেক ক্ষেত্রে দ্রুত সেবা প্রদান ও ঘটনাস্থলে পৌঁছানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, হিজলার মতো নদীবেষ্টিত উপজেলায় আধুনিক ও দ্রুতগতির স্পিডবোট প্রশাসনের জন্য অপরিহার্য। তাই পুরোনো অকেজো বোটের পরিবর্তে দ্রুত একটি নতুন স্পিডবোট বরাদ্দ দিয়ে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি জানিয়েছেন তারা।
