নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী এক ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদার টাকা আনতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছেন বিএনপির দুই নেতা। পরে দীর্ঘ সময় তাদের আটকে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ওই দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং বালু ব্যবসায়ী জহিরুল ইসলাম আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন। অভিযোগ রয়েছে, জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা নিতে তারা সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যান।
জহিরুল ইসলাম বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা ওই দুই নেতাকে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—মর্মে লিখিত মুচলেকা নেওয়া হলে তাদের ছেড়ে দেওয়া হয়।
জহিরুল ইসলাম দাবি করেন, অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, তারা চাঁদা চাননি, বরং বালু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিলেন। তাদের ডেকে এনে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেছেন, বিএনপিতে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান নেই। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
