মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিপন মালতিয়া (২০) নামের ওই জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় জেলে মোসলেম মাঝি জানান, গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নদীতে নিখোঁজ হন।
ঘটনার পর প্রশাসন ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান চালালেও কয়েকদিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে তিন দিন পর মঙ্গলবার সকালে সিপন মালতিয়ার মরদেহ উদ্ধার হয়।
নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম মালতিয়ার ছেলে।
হিজলা নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অপর জেলে জুয়েল সরদারকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে মাছ ধরার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
