গৌরনদী প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ব্যস্ততার মধ্যেই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। পরিবারটি মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে যাচ্ছিল। তবে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলটি থামানো অবস্থায় ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ সময় বরিশালমুখী তাজ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
