ঝালকাঠি প্রতিনিধি ॥ রাজাপুর উপজেলার আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালবৈশাখী ঝড়ে শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝড়ের সময় বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর বড় গাছ পড়ে দুটি শ্রেণিকক্ষের চালা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ক্ষতিগ্রস্ত কক্ষগুলো মেরামত না করলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে না। বর্তমানে ঈদের ছুটি থাকায় সরাসরি কোনো ক্ষতি না হলেও ছুটি শেষে শিক্ষার্থীদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলের ক্ষয়ক্ষতির ছবি সংগ্রহ করে রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। ছুটি শেষে মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় অভিভাবকরাও দ্রুত ভবন সংস্কার ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
