ডেস্ক রিপোর্ট ॥ শাপলা চত্বরকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে প্রসিকিউটর জহিরুল আমিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ফরমাল চার্জ জমা দেন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।
এ মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, মামলায় বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
তদন্ত সংস্থার বরাতে প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করল। এখন অভিযোগ গ্রহণ ও পরবর্তী আদেশের বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
